সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৮ ফেব্রুয়ারি’২৬) সূচকের পতনের মধ্য দিয়ে দেশের শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে মোট লেনদেনের পরিমাণও কমেছে।
তবে সূচক নিম্নমুখী থাকলেও ডিএসইর লেনদেন তালিকা বা ‘মার্কেট মুভারে’ চারটি কোম্পানি স্পষ্টভাবে আধিপত্য দেখিয়েছে। ডিএসইর দৈনিক বাজার পর্যালোচনা সূত্রে জানা গেছে, এদিন মার্কেট মুভারে নতুন করে নেতৃত্বে উঠে এসেছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড, লাভেলো আইস্ক্রিম, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
মার্কেট মুভারে থাকা কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে মুন্নু ফেব্রিক্সের শেয়ারে। এদিন ডিএসইতে কোম্পানিটির মোট ১৩ কোটি ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। একই সঙ্গে শেয়ারটির দর ৪০ পয়সা বা ৬ দশমিক ৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ২০ পয়সায়। দিনের লেনদেনে শেয়ারটির দর ২০ টাকা ৮০ পয়সা থেকে ২২ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের শেয়ারে। এদিন কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার টাকা। শেয়ারটির দর ২০ পয়সা বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে ৬৯ টাকা ২০ পয়সায় অবস্থান করে। দিনের সর্বনিম্ন দর ছিল ৬৭ টাকা ৯০ পয়সা এবং সর্বোচ্চ দর ছিল ৬৯ টাকা ৭০ পয়সা।
লেনদেনের তালিকায় তৃতীয় অবস্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে মোট ১০ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার টাকার। একই দিনে শেয়ারটির দর ৮০ পয়সা বা ২ দশমিক ৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ টাকা ৪০ পয়সায়। লেনদেন চলাকালে দর ওঠানামা করেছে ৩৩ টাকা ৬০ পয়সা থেকে ৩৫ টাকা ১০ পয়সার মধ্যে।
এদিকে, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারও এদিন মার্কেট মুভারে জায়গা করে নেয়। ডিএসইতে কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ ছিল ৯ কোটি ৬১ লাখ ১৬ হাজার টাকা। এদিন শেয়ারটির দর ২ টাকা ৯০ পয়সা বা ৩ দশমিক ৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮২ টাকা ৯০ পয়সায়। দিনের লেনদেনে শেয়ারটির দর ৮০ টাকা থেকে ৮৩ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে।
























