মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর-এর নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় মুসল্লিদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও হামলার অভিযোগ উঠেছে।
ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েল কর্তৃপক্ষ এরই মধ্যে আল-আকসা মসজিদ বন্ধ করে রেখেছে। এর মধ্যেই শুক্রবার সকালে এই হামলার ঘটনা ঘটে।
সকালে শত শত মুসল্লি জেরুজালেম-এর ওল্ড সিটির প্রবেশপথে ইসরায়েলি সেনাদের বাধার মুখে পড়েন। মসজিদে প্রবেশ করতে না পেরে তারা সড়কেই ঈদের নামাজ আদায় করেন। অনেকেই আল-আকসা চত্বরে ঢুকতে না পেরে যতটা সম্ভব কাছাকাছি অবস্থান নিয়ে নামাজ পড়েন।
স্থানীয় বাসিন্দা হাজেন বুলবুল বলেন, জেরুজালেমের মুসলমানদের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক দিন। শৈশব থেকে আল-আকসায় ঈদের নামাজ আদায় করে আসলেও এবার তা বন্ধ করে দেওয়া হয়েছে, যা একটি নজিরবিহীন ঘটনা।
এদিকে আল-আকসা বন্ধ রাখার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে আরব লীগ, ওআইসি এবং আফ্রিকান ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে তারা এ ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ এবং ‘মুসলিম বিশ্বের অনুভূতির ওপর আঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় ইসরায়েলকেই বহন করতে হবে।
সূত্র: আল–জাজিরা
























