ঢাকা   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

২ কোটি টাকার গোপন লেনদেন ফাঁস! ইনডেক্স এগ্রোর পরিচালকসহ ৩ জনকে জরিমানা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৪:১১, ২০ মার্চ ২০২৬

২ কোটি টাকার গোপন লেনদেন ফাঁস! ইনডেক্স এগ্রোর পরিচালকসহ ৩ জনকে জরিমানা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বড় ধরনের আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রায় ২ কোটি টাকার গোপন ‘রিলেটেড পার্টি’ লেনদেন নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে প্রকাশ না করায় কোম্পানির একজন পরিচালকসহ তিনজনকে জরিমানা করা হয়েছে।

বিএসইসির মার্চ মাসের এনফোর্সমেন্ট প্রতিবেদনে উঠে এসেছে, ইনডেক্স অ্যাগ্রো তাদের সহযোগী প্রতিষ্ঠান ইনডেক্স কনস্ট্রাকশন লিমিটেডের সঙ্গে এই লেনদেন করলেও আন্তর্জাতিক হিসাবমান অনুযায়ী তা প্রকাশ করেনি। তদন্তে স্বার্থের সংঘাত, অনুমোদন প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রতিযোগিতামূলক কোটেশন অনুসরণ না করার মতো গুরুতর অভিযোগও সামনে আসে।

এ ঘটনায় ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাজহারকে ৫ লাখ টাকা, সিএফও ইকবাল আহমেদ ও কোম্পানি সচিব আবু জাফর আলীকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে নিরীক্ষা প্রতিবেদনেও অসঙ্গতি পাওয়ায় নিরীক্ষা প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিএসইসি জানিয়েছে, এ ধরনের তথ্য গোপন রাখা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘনের শামিল—যার কারণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।