ঢাকা   মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

ঋণ পাওয়ার প্রায় তিন গুণ পরিশোধ করেছে বাংলাদেশ

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২, ১ সেপ্টেম্বর ২০২৬

ঋণ পাওয়ার প্রায় তিন গুণ পরিশোধ করেছে বাংলাদেশ

বিদেশি ঋণ ছাড় কমে গেলেও ঋণ পরিশোধে পিছিয়ে নেই বাংলাদেশ। চলতি বছরের জুলাইয়ে নতুন করে যে পরিমাণ বিদেশি ঋণ পেয়েছে সরকার, তার প্রায় তিন গুণ অর্থ আসল ও সুদ বাবদ পরিশোধ করেছে। এ মাসে ১৮০ মিলিয়ন ডলার ঋণ ছাড়ের বিপরীতে সরকার উন্নয়ন সহযোগীদের ৪৫৩ মিলিয়ন ডলার পরিশোধ করেছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, জুলাইয়ে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ পরিশোধ করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৩ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪৪৬ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধ সামান্য বেড়েছে।

অন্যদিকে, জুলাইয়ে বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছ থেকে সরকার মোট ১৮০ মিলিয়ন ডলার বিদেশি ঋণ পেয়েছে। গত বছরের জুলাইয়ে পাওয়া গিয়েছিল ২০৮ মিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে ঋণ ছাড় কমেছে।

নতুন ঋণ ছাড়ের চিত্র আরও দুর্বল। জুলাইয়ে উন্নয়ন প্রকল্পের জন্য নতুন ঋণ হিসেবে মাত্র ১৪ মিলিয়ন ডলার ছাড় হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮৩ শতাংশ কম।

এডিবি- বিশ্বব্যাংকসহ যাদের কাছ থেকে ঋণ

জুলাইয়ে সরকারের পাওয়া মোট ১৮০ মিলিয়ন ডলারের বিদেশি ঋণের মধ্যে সবচেয়ে বেশি অর্থ এসেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে। সংস্থাটি ৬৫ মিলিয়ন ডলার ছাড় করেছে।

এ ছাড়া বিশ্বব্যাংক দিয়েছে ৪৭ মিলিয়ন ডলার, জাপান ৩৯ মিলিয়ন ডলার এবং ভারত ২৭ মিলিয়ন ডলার।

অর্থাৎ, জুলাইয়ে নতুন ঋণপ্রবাহ কম থাকলেও সরকারের বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধের পরিমাণ ছিল তার প্রাপ্ত ঋণের তুলনায় প্রায় তিন গুণ।