ঢাকা   রোববার ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

জুলাইয়ে ঋণ ছাড়ের চেয়ে আড়াই গুণ বেশি পরিশোধ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮, ৩০ আগস্ট ২০২৬

জুলাইয়ে ঋণ ছাড়ের চেয়ে আড়াই গুণ বেশি পরিশোধ

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ নতুন করে যে পরিমাণ বৈদেশিক ঋণ পেয়েছে, তার আড়াই গুণেরও বেশি পরিশোধ করেছে। এ মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ১৮০ দশমিক ১৮ মিলিয়ন ডলার ঋণ ছাড় হয়েছে। বিপরীতে আগের নেওয়া ঋণের সুদ ও আসল বাবদ পরিশোধ করতে হয়েছে ৪৫৩ দশমিক ২৩ মিলিয়ন ডলার।

রোববার (৩০ আগস্ট) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে বৈদেশিক ঋণের অর্থছাড় গত অর্থবছরের একই মাসের তুলনায় কমেছে। ২০২৫ সালের জুলাইয়ে ২০৮ দশমিক ০৪ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ ছাড় হয়েছিল। সেই হিসাবে চলতি বছরের জুলাইয়ে অর্থছাড় কমেছে ১৩ দশমিক ৩৯ শতাংশ।

তবে একই সময়ে ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে। গত অর্থবছরের জুলাইয়ে বাংলাদেশ বৈদেশিক ঋণের সুদ ও আসল মিলিয়ে ৪৪৬ দশমিক ৬৮ মিলিয়ন ডলার পরিশোধ করেছিল। চলতি অর্থবছরের প্রথম মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৩ দশমিক ২৩ মিলিয়ন ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধ বেড়েছে প্রায় ৪ শতাংশ।

এ হিসাবে জুলাইয়ে নতুন বৈদেশিক ঋণ ছাড়ের তুলনায় বাংলাদেশকে ২৭৩ দশমিক ০৫ মিলিয়ন ডলার বেশি পরিশোধ করতে হয়েছে। অর্থাৎ প্রতি ১ ডলার নতুন ঋণ পাওয়ার বিপরীতে প্রায় ২ দশমিক ৫২ ডলার পুরোনো ঋণের সুদ ও আসল পরিশোধ করেছে বাংলাদেশ।