ঢাকা   রোববার ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

আপনার আয়কর রিটার্ন নিরীক্ষায় পড়েছে, টাকা দিলেই সমাধান’— এমন ফোন এলে সতর্ক থাকুন

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯, ৫ জুলাই ২০২৬

সর্বশেষ

আপনার আয়কর রিটার্ন নিরীক্ষায় পড়েছে, টাকা দিলেই সমাধান’— এমন ফোন এলে সতর্ক থাকুন

ধরুন, হঠাৎ একটি অচেনা নম্বর থেকে ফোন এলো। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা পরিচয় দিয়ে বললেন, 'আপনার আয়কর রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে। তবে চাইলে বিষয়টি ম্যানেজ করা যাবে। বিকাশ বা ব্যক্তিগত ব্যাংক হিসাবে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠিয়ে দিন, তাহলে আর কোনো ঝামেলা হবে না।' এমন প্রলোভন বা ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা এখন নতুন কৌশল হিসেবে ব্যবহার করছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (৫ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এক শ্রেণির প্রতারক করদাতাদের ফোন করে দাবি করছে যে তাদের আয়কর নথি নিরীক্ষায় পড়েছে। এরপর নিরীক্ষা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস অথবা আইনি জটিলতার ভয় দেখিয়ে তারা মোটা অঙ্কের অর্থ দাবি করছে। অনেক ক্ষেত্রে বিকাশ, নগদ, রকেট কিংবা ব্যক্তিগত ব্যাংক হিসাবে টাকা পাঠানোরও নির্দেশ দেওয়া হচ্ছে।

এনবিআর স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী কখনোই করদাতার আয়কর নিরীক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত কোনো মাধ্যমে যোগাযোগ করেন না। কোনো কর নথি নিরীক্ষার জন্য নির্বাচিত হলে সংশ্লিষ্ট করদাতাকে আইন অনুযায়ী আনুষ্ঠানিক লিখিত নোটিশ পাঠানো হয়। ফলে শুধু ফোন কল বা বার্তার ভিত্তিতে কোনো তথ্য বিশ্বাস করা কিংবা অর্থ লেনদেন করা উচিত নয়।

করদাতাদের উদ্দেশে এনবিআর আরও জানিয়েছে, করসংক্রান্ত সব ধরনের অর্থ সরকারি চালানের মাধ্যমে সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস—যেমন বিকাশ, নগদ, রকেট অথবা ব্যক্তিগত ব্যাংক হিসাবে করের টাকা গ্রহণের কোনো আইনি ক্ষমতা রাখেন না। তাই এমন দাবি করা হলে সেটিকে প্রতারণার চেষ্টা হিসেবে বিবেচনা করতে হবে।

সন্দেহজনক কোনো ফোনকল, খুদে বার্তা বা ই-মেইল পেলে আতঙ্কিত না হয়ে প্রথমেই সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে এনবিআর। আর কেউ যদি এনবিআরের কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ দাবি করেন, তাহলে তার ফোন নম্বর সংরক্ষণ করে দ্রুত নিকটস্থ থানায় বা আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে বলা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, করদাতাদের হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের কথায় বিশ্বাস করে ব্যক্তিগতভাবে অর্থ লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।

এক লাখের বেশি করদাতা নিরীক্ষায়

এদিকে, এনবিআর জানিয়েছে, এ পর্যন্ত তিন দফায় এক লাখের বেশি করদাতার আয়কর রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। সর্বশেষ গত ২৯ জুন আরও ৫ হাজার ১৪ জন করদাতার রিটার্ন নিরীক্ষার জন্য বাছাই করা হয়।

এর আগে, গত বছরের জুলাইয়ে প্রথম দফায় ১৫ হাজার ৪৯৪ জন এবং চলতি বছরের এপ্রিলে দ্বিতীয় দফায় ৭২ হাজার ৩৪১ জন করদাতার রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়। ২০২৩-২৪ করবর্ষের জমা দেওয়া রিটার্ন সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) পদ্ধতিতে নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে।

কীভাবে জানবেন আপনার রিটার্ন নিরীক্ষায় পড়েছে?

আপনার আয়কর রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে কি না, তা জানতে কোনো ফোনকলের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। এনবিআরের ওয়েবসাইটে নিরীক্ষার জন্য নির্বাচিত করদাতাদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে দেওয়া এক্সেল তালিকায় নিজের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দিয়ে সহজেই যাচাই করা যাবে আপনার রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে কি না।

অর্থাৎ, যদি কেউ ফোন করে নিরীক্ষার কথা বলে টাকা দাবি করে, তাহলে সেটি বিশ্বাস না করে আগে সরকারি তালিকায় তথ্য যাচাই করুন। মনে রাখবেন, এনবিআর কখনো ফোন করে নিরীক্ষা থেকে অব্যাহতির বিনিময়ে টাকা দাবি করে না।

সর্বশেষ