ঢাকা   বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

১২০ পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করল মার্সেল

কর্পোরেট

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৫, ১১ এপ্রিল ২০২৬

১২০ পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করল মার্সেল

বছর জুড়ে নানা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্য বিক্রি ও ব্যবসা পরিচালনায় অবদান রাখায় ১২০টি পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে দেশের ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। দেশব্যাপী বিস্তৃত মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আওতায় ৫০টি জোনের পরিবেশক প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে এসব পুরস্কার দেয়া হয়।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মার্সেল করপোরেট অফিসে ‘উইনিং টুগেদার’ স্লোগানে আয়োজিত ‘ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। গ্রাহক পর্যায়ে ব্যাপক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে মার্সেলের পণ্য বিক্রয়ে অবদান রাখায় পরিবেশকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান ব্যবস্থাপনা পরিচালক।

তিনি বলেন, মার্সেলের পরিবেশকরা ও কর্মকর্তারা নানা ধরনের বিপণন ও ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে শুধু মার্সেলকেই সামনে এগিয়ে নিচ্ছেন না, বরং বাংলাদেশকেও এগিয়ে নিচ্ছেন। আপনাদের (পরিবেশক) ও আমাদের সবার অক্লান্ত পরিশ্রমের ফলে মার্সেল আজ দেশের মানুষের হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নিয়েছে। আপনারা যেমন মার্সেলকে সামনে এগিয়ে নিচ্ছেন; তেমনই মার্সেলও সব সময় আপনাদের পাশে রয়েছে। ব্যতিক্রমী ও সময়োপযোগী ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনায় আপনাদের আরো উদ্বুদ্ধ করে তুলতে পুরস্কার প্রদানের এ ধারাবাহিকতা বজায় থাকবে। একই সঙ্গে পরিবেশক প্রতিষ্ঠানগুলোর ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান, মার্সেলের হেড অব সেলস হাসান মো. রুহীন সাব্বির ও মো. মতিউর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রনায়ক আমিন খান।

মনোজ্ঞ সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় মার্সেলের এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান।