ঢাকার পুঁজিবাজার এখনও শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারেনি বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, ক্ষুদ্র ও দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা কমে যাওয়ায় শেয়ারবাজারের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ভালো মানের কোম্পানিকে বাজারে আনার উদ্যোগ না থাকায় বিনিয়োগকারীরা কাঙ্ক্ষিত সুযোগ পাচ্ছেন না।
সোমবার রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সহযোগিতায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
আবু আহমেদ বলেন, বাংলাদেশে শেয়ারবাজারের উন্নয়ন নিয়ে অনেক কথা হলেও বাস্তবে বাজারকে শক্তিশালী করার মতো কার্যকর উদ্যোগ দেখা যায় না। একসময় এক লাখ টাকা পর্যন্ত লভ্যাংশ আয় করমুক্ত থাকলেও সেই সুবিধা প্রত্যাহার করা হয়েছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্যও বিশেষ কোনো প্রণোদনা নেই। তাঁর মতে, করের হার বাড়ালেই রাজস্ব বাড়ে না; বরং অতিরিক্ত কর ব্যবসা-বাণিজ্যের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
তিনি বলেন, দেশের মানুষ প্রতিদিন ইউনিলিভার ও নেসলের মতো বহুজাতিক প্রতিষ্ঠানের পণ্য ব্যবহার করলেও এসব প্রতিষ্ঠানের শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের নাগালের বাইরে। ভালো মানের বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে না পারলে বাজারে গুণগত পরিবর্তন আসবে না।
বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর জন্য প্রস্তাবিত ২০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল নিয়েও প্রশ্ন তোলেন আইসিবি চেয়ারম্যান। তাঁর আশঙ্কা, স্বল্প সুদে পাওয়া এই অর্থ উৎপাদন খাতে ব্যবহারের পরিবর্তে উদ্যোক্তারা উচ্চ সুদের সরকারি বন্ডে বিনিয়োগ করতে পারেন, যা বাজারে ভারসাম্যহীনতা তৈরি করবে।
তিনি আরও বলেন, বিনিয়োগের পর্যাপ্ত বিকল্প না থাকায় মানুষ সঞ্চয়পত্রে ঝুঁকছে। অথচ বিশ্বের কোথাও শুধু সঞ্চয়পত্রে বিনিয়োগ করে ধনী হওয়ার নজির নেই। অর্থনৈতিক অগ্রগতির জন্য উৎপাদনশীল খাত ও পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা নিয়েও সতর্কবার্তা দিয়ে আবু আহমেদ বলেন, ভবিষ্যতে ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে নতুন ঋণ নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। এমন অভিজ্ঞতা আর্জেন্টিনা, পাকিস্তান ও নাইজেরিয়ার মতো দেশেও দেখা গেছে।
সেমিনারে আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ সেলিম জাহান, ব্যাংকার মামুন রশীদ, র্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক, বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা।
























