ঢাকা   রোববার ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

এক বছরের মধ্যে বদলে যাবে শেয়ারবাজারের চেহারা: আমির খসরু

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ৪ অক্টোবর ২০২৬

সর্বশেষ

এক বছরের মধ্যে বদলে যাবে শেয়ারবাজারের চেহারা: আমির খসরু

আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের শেয়ারবাজারের বর্তমান চেহারায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে ব্যাংকনির্ভর ও উচ্চ সুদের ঋণের ওপর নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার ও বন্ড বাজারকে অর্থায়নের বড় উৎস হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য—‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’।

পুঁজিবাজারে অর্থায়নের বড় সুযোগ

আমির খসরু বলেন, দেশের আর্থিক কাঠামো, সরকারি অর্থ ব্যবস্থাপনা এবং বেসরকারি খাতে অর্থায়নের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। উচ্চ সুদে ব্যাংকঋণ নিয়ে ব্যবসা পরিচালনার পরিবর্তে অর্থের ব্যয় কমিয়ে আনতে হবে। কারণ অর্থের ব্যয় কমাতে না পারলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসা ও শিল্প প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না।

এ জন্য শেয়ারবাজার ও বন্ড বাজারকে অর্থায়নের গুরুত্বপূর্ণ বিকল্প উৎস হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, সরকারের বড় অবকাঠামো প্রকল্পগুলোর সম্পদ এবং ভবিষ্যতে এসব প্রকল্প থেকে আসতে পারে এমন আয়কে কাজে লাগিয়ে বাজার থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে পদ্মা সেতু ও যমুনা সেতুর সিকিউরিটাইজেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

আমির খসরুর মতে, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে হলে শুধু বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থের ওপর নির্ভর করে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

তিনি বলেন, বাংলাদেশের প্রতি বছর প্রায় ৫০ বিলিয়ন ডলার প্রয়োজন হলেও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা সম্মিলিতভাবে যে অর্থ দেবে, তা দিয়ে এই অর্থনৈতিক লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাই বাংলাদেশকে সরাসরি বাজার থেকে অর্থ সংগ্রহের সক্ষমতা বাড়াতে হবে।

আইএমএফ ও বিশ্বব্যাংকের অর্থের ওপর নির্ভরশীলতার ধারণা থেকে বেরিয়ে আসার কথাও বলেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, আইএমএফের কর্মসূচি তিনি বাতিল করেছেন এবং সংস্থাটির দেওয়া কিছু শর্ত বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়।

এক বছরের মধ্যে বদলের প্রত্যাশা

দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগে প্রস্তুত রয়েছেন বলেও জানান আমির খসরু।

তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটলে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে। তাঁর বক্তব্যে পুঁজিবাজারে নতুন অর্থায়ন, দেশি-বিদেশি বিনিয়োগ এবং বাজারভিত্তিক অর্থ সংগ্রহের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাই গুরুত্ব পেয়েছে।

নিয়ন্ত্রকের নির্দেশের অপেক্ষায় না থেকে স্বনিয়ন্ত্রণ

শেয়ারবাজারসহ আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোকে শুধু নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনার অপেক্ষায় না থেকে নিজেদের কার্যক্রমে স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। নিয়ন্ত্রক সংস্থা এসে কী করতে হবে বা কী করা যাবে না—সেটি বলে দেবে, এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

বিশেষ করে আর্থিক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। কারণ আর্থিক খাতের বড় একটি অংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর হিসাব ও আর্থিক প্রতিবেদনের ওপর নির্ভরশীল।

স্বনিয়ন্ত্রণের উদাহরণ বিজিএমইএ

স্বনিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বোঝাতে বাণিজ্যমন্ত্রী থাকার সময়কার একটি অভিজ্ঞতাও তুলে ধরেন আমির খসরু।

তিনি জানান, তৈরি পোশাক রপ্তানিকারকদের পণ্য আমদানি-রপ্তানির হিসাবসংক্রান্ত ইউডি সনদ আগে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে নিতে হতো। এতে হয়রানি, বিলম্ব ও অনিয়মের অভিযোগ ছিল। পরে ইউডি সনদ দেওয়ার দায়িত্ব বিজিএমইএর কাছে দেওয়ার প্রস্তাব করা হয়।

তবে শর্ত ছিল, সংগঠনটিকে নিজেদের সক্ষমতা তৈরি করে পুরো প্রক্রিয়াটি স্বনিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করতে হবে। পরে বিজিএমইএ সেই দায়িত্ব নেয় এবং ব্যবস্থা কার্যকরভাবে পরিচালিত হয়ে আসছে বলে জানান তিনি।

আমির খসরুর মতে, প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন এবং স্বনিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারলে আর্থিক খাতের সংস্কার ও উন্নয়নের লক্ষ্য অর্জন আরও সহজ হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

সর্বশেষ