ঢাকা   বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

দর সংশোধনে সপ্তাহ শেষ, বাজারে স্থিতিশীলতার আভাস

দর সংশোধনে সপ্তাহ শেষ, বাজারে স্থিতিশীলতার আভাস

চলতি সপ্তাহজুড়ে ইতিবাচক ধারায় ছিল দেশের শেয়ারবাজার। সপ্তাহের শুরু থেকেই সূচকের গতি ছিল ঊর্ধ্বমুখী এবং তৃতীয় কার্যদিবস পর্যন্ত ধারাবাহিকভাবে সূচক বেড়েছে। মাঝপথে পবিত্র শব-ই বরাত উপলক্ষে একদিন লেনদেন বন্ধ থাকলেও, পরদিন বাজারে ফিরে আসে স্বাভাবিক কার্যক্রম।

আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) সপ্তাহের শেষ কার্যদিবসে স্বাভাবিক দর সংশোধনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমার পাশাপাশি টাকার অংকে মোট লেনদেনও হ্রাস পেয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে।

তবে বাজার সংশ্লিষ্টরা এই দর সংশোধনকে স্বাভাবিক ও ইতিবাচক হিসেবেই দেখছেন। তাদের মতে, টানা উত্থানের পর এমন সংশোধন বাজারকে আরও স্বাস্থ্যকর ও টেকসই করে তোলে।

বাজার বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহের লেনদেন আগামী দিনে বাজারে স্থিতিশীলতার ভিত্তি তৈরি করছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আবেগী সিদ্ধান্ত এড়িয়ে সতর্কতার সঙ্গে লেনদেন করার পরামর্শ দিয়েছেন তারা। পাশাপাশি দুর্বল কোম্পানির শেয়ার এড়িয়ে ভালো মৌলভিত্তির কোম্পানিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে মুনাফার সম্ভাবনা বেশি বলেও মত সংশ্লিষ্টদের।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৪ দশমিক ৩৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭২ দশমিক ১২ পয়েন্টে। তবে ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ কমেছে ১৯ দশমিক ৮৫ পয়েন্ট, নেমে এসেছে ২ হাজার ১ দশমিক ৮৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১২৩টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের।

লেনদেনের পরিসংখ্যানে দেখা যায়, ডিএসইতে আজ প্রায় ৫৮৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল প্রায় ৭১২ কোটি ৩৪ লাখ টাকা, সেখানে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১২৪ কোটি ৯৩ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৭ কোটি ২৯ লাখ টাকার তুলনায় সামান্য কম।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার ও ইউনিট।

দিনশেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৩১ দশমিক ৪৬ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ৬৯ দশমিক ৬৩ পয়েন্ট বেড়েছিল।