ঢাকা   বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

সিপিডির সমীক্ষা

পোশাক কারখানার ছাদে ১,৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুতের সম্ভাবনা, বিনিয়োগ লাগবে ১৮৮ মিলিয়ন ডলার

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:১৪, ২০ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:১৬, ২০ আগস্ট ২০২৬

পোশাক কারখানার ছাদে ১,৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুতের সম্ভাবনা, বিনিয়োগ লাগবে ১৮৮ মিলিয়ন ডলার

দেশের ৩ হাজার ৩২০টি পোশাক কারখানার ছাদ ব্যবহার করে প্রায় ১ হাজার ৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এ জন্য প্রয়োজন হবে প্রায় ১৮৮ মিলিয়ন ডলার বিনিয়োগ। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক সমীক্ষায় এ সম্ভাবনার কথা উঠে এসেছে।

বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত ‘পোশাক কারখানার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে সমীক্ষার তথ্য তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। সেমিনারে সৌরবিদ্যুৎ খাতের বিভিন্ন অংশীজন অংশ নেন।

সিপিডির গবেষণা সহযোগী আবরার আহাম্মেদ ভূঁইয়া মূল প্রবন্ধে জানান, বর্তমানে দেশের পোশাক কারখানাগুলোর বিদ্যুৎ চাহিদার মাত্র ৩ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণ হচ্ছে। উপযুক্ত উদ্যোগ নেওয়া গেলে এই হার ১৪ শতাংশে উন্নীত করা সম্ভব।

খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বর্তমানে প্রায় ৫০০টি পোশাক কারখানা সৌরবিদ্যুৎ উৎপাদনে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় সুবিধা দেওয়া হলে দ্রুত আরও ১ হাজার ৩০০ কারখানায় সৌরবিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব। আর বাকি প্রায় ১ হাজার ৫০০ কারখানাকে নীতিসহায়তাসহ বিভিন্ন সুবিধা দিয়ে ভবিষ্যতে সৌরবিদ্যুৎ উৎপাদনের উপযোগী করা যাবে।

তিনি বলেন, পোশাক কারখানায় সৌরবিদ্যুতের অবকাঠামো স্থাপনের খরচ কমানো প্রয়োজন। এতে শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও বাড়ানো সম্ভব হবে।

শুল্কায়নে জটিলতার অভিযোগ

সেমিনারে নবায়নযোগ্য জ্বালানি খাতের ব্যবসায়ীরা শুল্কসুবিধা কার্যকরভাবে না পাওয়ার অভিযোগ করেন। বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতির সহসভাপতি জাহিদুল আলম বলেন, বাণিজ্যিকভাবে সৌর প্যানেল আমদানির ক্ষেত্রে সাড়ে ১৩ শতাংশ শুল্কের কথা থাকলেও বাস্তবে প্রতি কেজিতে ৩ ডলার করে শুল্কায়ন করা হচ্ছে।

এতে কার্যকর শুল্কভার ২৭ শতাংশের বেশি পড়ছে বলে দাবি করেন তিনি। ফলে ছোট ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ের ব্যবহারকারীদের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হচ্ছে।

সেমিনারে বক্তারা বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কথা বললেও বিভিন্ন প্রশাসনিক ও শুল্কসংক্রান্ত জটিলতার কারণে সৌরবিদ্যুৎ উৎপাদনের গতি প্রত্যাশিত পর্যায়ে নেই। এসব বাধা দূর করা গেলে পোশাক কারখানার ছাদকে কাজে লাগিয়ে দেশের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বড় পরিবর্তন আনা সম্ভব।