রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) নিজস্ব উদ্যোগে বিভিন্ন অঞ্চলে প্রবীণ কর্মসূচির আওতায় মোট ৩০টি প্রবীণ সামাজিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এই কেন্দ্রগুলো তৈরির জন্য স্থানীয় ভাবে স্বপ্রণোদিত হয়ে যারা জমি দান করেছেন সেখানেই এই কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। এরই ধারাবাহিকতায় রিকের প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় সোমবার বাগেরহাট সদর উপজেলার বিমরর্তা ইউনিয়নের বিষ্ণুপুর মুন্সিবাড়ীতে প্রবীণ সামাজিক কেন্দ্রের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রিকের পরিচালক আফরোজা লায়লা।
উল্লেখ্য এই কেন্দ্র স্থাপন করার জন্য পরিচালক আফরোজা লায়লা এবং তার ভাইবোন মিলে বিষ্ণুপুর মুন্সিবাড়ীর তাদের পৈতিৃক জমি থেকে প্রায় ৪ শতাংশ জায়গা দান করেন । উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সমাজে প্রবীণদের অবদান অপরিসীম তাঁদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রবীণদের অধিকার, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে রিক দীর্ঘদিন যাবত কাজ করে আসছে, প্রবীণ এই সামাজিক কেন্দ্রটি স্থানীয় প্রবীণদের স্বাস্থ্যসেবা প্রদান, মিলনমেলা, সচেতনতা বৃদ্ধি, পরামর্শ প্রদান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।
প্রবীণ কর্মসূচি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সহকারী মহাব্যবস্তাপক ফেরদৌসী বেগম গিতালী বলেন, দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে যা এই বিষ্ণুপুরের প্রবীণদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিকের কেন্দ্রীয় কার্যালয়ের মহাব্যবস্তাপক পারভিন আক্তার ও সহকারী মহাব্যবস্তাপক শেখ ওলিউল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিভিশনাল ম্যানেজার (পিরোজপুর) মো. নাসির উদ্দিন, জোনাল ম্যানেজার (পিরোজপুর জোন) মো. আখতারুজ্জামান এবং আঞ্চলিক সমন্বয়কারী (প্রবীণ কল্যাণ কর্মসূচি) ফারুক।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রিকের এরিয়া ম্যানেজার (বাগেরহাট) মো. ইনছান আলী, সভাপতিত্ব করেন বেমরতা ইউনিয়ন প্রবীণ কল্যাণ কর্মসূচির সভাপতি মো. দেলোয়ার হোসেন এবং প্রবীণদের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. মতিয়ার রহমান।
তিনি প্রবীণদের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণের জন্য রিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং কেন্দ্রটিকে সক্রিয় ও কার্যকর রাখার আহ্বান জানান।
























