ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকায় তা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইন অনুযায়ী একটি ব্যাংকের মোট শেয়ারের ১০ শতাংশের বেশি কোনো একক গ্রুপ বা পরিবারের নিয়ন্ত্রণে থাকার সুযোগ না থাকলেও ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা গেছে—এমন অভিযোগের ভিত্তিতেই আদালতের এ নির্দেশ এসেছে।
ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা আবেদনের শুনানি শেষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে এর আগেই বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদালতের আদেশের লিখিত অনুলিপি প্রকাশ করা হয় বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।
আবেদনে উল্লেখ করা হয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী একই পরিবার বা স্বার্থসংশ্লিষ্ট কোনো গ্রুপ একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারে না। কিন্তু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়ে সম্মিলিতভাবে ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ধরে রেখেছে।
এ নিয়ে এর আগেও আদালত থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল। গত বছর ইসলামী ব্যাংকের এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, পরিচালক এবং কয়েকজন ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।
একই আদেশে আদালতের অনুমতি ছাড়া সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার ও পরিচালকদের দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।




















