ঢাকা   রোববার ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

মার্জিন বিধিমালায় আসছে বড় পরিবর্তন? বিএসইসির উদ্যোগে ডিবিএর সমর্থন

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:০৭, ১৮ জুলাই ২০২৬

মার্জিন বিধিমালায় আসছে বড় পরিবর্তন? বিএসইসির উদ্যোগে ডিবিএর সমর্থন

দেশের পুঁজিবাজারে মার্জিন লেনদেনের নিয়মে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটির মতে, প্রস্তাবিত সংশোধন দেশের পুঁজিবাজারকে আরও আধুনিক, ভারসাম্যপূর্ণ ও বিনিয়োগবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শনিবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সমর্থনের কথা জানায় ডিবিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুলাই বিএসইসি আয়োজিত এক বৈঠকে সংশোধিত মার্জিন বিধিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ডিবিএ এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধিরা অংশ নেন। সভায় অংশগ্রহণকারীরা সংশোধিত বিধিমালা নিয়ে নিজেদের বিভিন্ন প্রস্তাব, মতামত ও উদ্বেগ তুলে ধরেন।

ডিবিএ জানায়, বৈঠকে কমিশন প্রতিনিধিদের মতামত অত্যন্ত গুরুত্বের সঙ্গে শোনে এবং গঠনমূলক আলোচনার পর এসব বিষয় সংস্কার প্রক্রিয়ায় যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেয়। এ জন্য বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।

ডিবিএর মতে, বিএসইসির এই বাস্তবমুখী ও বাজারবান্ধব উদ্যোগ পুঁজিবাজারের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। সংগঠনটির বিশ্বাস, সংশোধিত মার্জিন বিধিমালা একটি আধুনিক, ভারসাম্যপূর্ণ ও ভবিষ্যতমুখী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে সহায়ক হবে। এর ফলে বাজারে সুশৃঙ্খলতা, স্বচ্ছতা এবং টেকসই উন্নয়ন আরও জোরদার হতে পারে।

তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন—সংশোধিত মার্জিন বিধিমালায় শেষ পর্যন্ত কী কী পরিবর্তন আসছে? ডিবিএ আশা করছে, খুব শিগগিরই সংশোধিত বিধিমালার খসড়া জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হবে। খসড়া প্রকাশের পর তা পর্যালোচনা করে প্রয়োজন মনে করলে কমিশনের কাছে বিস্তারিত মতামত ও সুপারিশ জমা দেবে সংগঠনটি।

ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বলেন, দেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী, আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে বিএসইসি যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, ডিবিএ তার প্রতি পূর্ণ সমর্থন জানায়। ভবিষ্যতেও পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে বিএসইসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ডিবিএ প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।