ঢাকা   রোববার ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, বিএসইসির স্পষ্টীকরণ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ১৮ জুলাই ২০২৬

মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, বিএসইসির স্পষ্টীকরণ

‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর সংশোধনী নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর সংবাদের বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির মুখপাত্রের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের ১০২০তম সভায় মার্জিন বিধিমালা, ২০২৫-এর সংশোধনী প্রস্তাবের একটি খসড়া অনুমোদন করা হয়েছে। তবে এই খসড়া এখনও চূড়ান্ত হয়নি। জনমত যাচাইয়ের জন্য খসড়াটি প্রকাশের আগেই বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে আংশিক ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে অযাচিত বিভ্রান্তি তৈরি হতে পারে বলে জানিয়েছে কমিশন।

বিএসইসি বলেছে, মার্জিন বিধিমালা সংশোধনের মূল উদ্দেশ্য হলো বর্তমান বিধিমালা বাস্তবায়নে যেসব বাস্তব ও ব্যবহারিক সমস্যা দেখা দিয়েছে, সেগুলো দূর করা। একই সঙ্গে বিধিমালাকে আরও সহজ, কার্যকর ও বাস্তবসম্মত করাই সংশোধনের লক্ষ্য।

সংশোধনী খসড়া তৈরির সময় মার্জিন সুবিধা নেওয়া বিনিয়োগকারী, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংক, বাজার মধ্যস্থতাকারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত ও বাস্তব অভিজ্ঞতা বিবেচনা করা হয়েছে বলেও জানিয়েছে বিএসইসি।

কমিশন আরও জানিয়েছে, অনুমোদিত সংশোধনী খসড়াটি খুব শিগগিরই জাতীয় দৈনিক পত্রিকা ও বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর অংশীজন ও সাধারণ জনগণের মতামত নেওয়া হবে। মতামত পর্যালোচনার পর প্রয়োজনীয় সংশোধন করে চূড়ান্ত বিধিমালা প্রণয়ন করা হবে।

এ কারণে চূড়ান্ত খসড়া প্রকাশের আগে অনুমাননির্ভর বা আংশিক তথ্যের ভিত্তিতে মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে বিএসইসি।

কমিশনের দাবি, বিনিয়োগকারীদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সংশোধনী উদ্যোগ নেওয়া হয়েছে। তাই প্রকৃত খসড়া প্রকাশের পরই বিধিমালার সংশোধনের প্রকৃত উদ্দেশ্য ও পরিবর্তন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।