দেশের শেয়ারবাজারে স্বচ্ছতা বৃদ্ধি, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং বাজার কারসাজি প্রতিরোধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিএসইসি।
বৈঠকে বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব রহমান, কমিশনার নাহিদ মাহতাব এবং মো. নাফিজ আল তারিক-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে ডিএসইর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং ভারপ্রাপ্ত চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া বৈঠকে অংশ নেন।
আলোচনায় শেয়ারবাজারের উন্নয়ন, আধুনিকায়ন, বাজারের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে যেকোনো ধরনের অনিয়ম ও কারসাজি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
বৈঠকে সাম্প্রতিক সময়ে বাজার কারসাজি রোধে ডিএসই যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, তা তুলে ধরা হয়। বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর পুঁজিবাজার গড়ে তুলতে কমিশন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন অনুসরণ করে রিয়েল-টাইম সার্ভেইল্যান্স ব্যবস্থা শক্তিশালী করা, বাজার তদারকি আধুনিকায়ন এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণের বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
























