ঢাকা   শুক্রবার ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চালু

শিক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৩৮, ১৮ জুন ২০২৬

আপডেট: ২০:৪০, ১৮ জুন ২০২৬

সর্বশেষ

২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চালু

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে পুনরায় ‘পরীক্ষা পদ্ধতি’ চালু করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী জানান, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে একটি সংক্ষিপ্ত ও নামমাত্র পরীক্ষা নেওয়া হবে। তবে এ পরীক্ষার জন্য কোচিং নির্ভরতার কোনো সুযোগ থাকবে না। ক্যাচমেন্ট এরিয়া (বিদ্যালয়ের নির্ধারিত ভৌগোলিক এলাকা) এবং পরীক্ষার ফল—এই দুইয়ের সমন্বয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।

তিনি বলেন, অতীতে ভর্তি পরীক্ষার যে পদ্ধতি ছিল, সেখানে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ ছিল। সেই অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে নতুন পদ্ধতি আরও স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে ভর্তি বাধ্যতামূলক করে। পরে একই পদ্ধতি বেসরকারি বিদ্যালয়েও চালু করা হয়।

এরপর করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। গত কয়েক বছর ধরে একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হলেও এবার প্রায় ছয় বছর পর পুনরায় ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয়।

নতুন ভর্তি নীতিমালার বিস্তারিত নির্দেশনা এবং পরীক্ষার কাঠামো পরবর্তীতে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ