ঢাকা   বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

মিউচুয়াল ফান্ড রূপান্তরে খুলল পথ, আদালতের আদেশে দূর হলো সব আইনি বাধা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:২০, ১৮ জুন ২০২৬

সর্বশেষ

মিউচুয়াল ফান্ড রূপান্তরে খুলল পথ, আদালতের আদেশে দূর হলো সব আইনি বাধা

মেয়াদি (ক্লোজড-এন্ড) মিউচুয়াল ফান্ডের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হয়েছে। আদালতের সর্বশেষ আদেশে ক্লোজড-এন্ড ফান্ডকে বেমেয়াদি (ওপেন-এন্ড) ফান্ডে রূপান্তর কিংবা অবসায়নের ক্ষেত্রে বিদ্যমান আইনি বাধা সরে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আপিল বিভাগের চেম্বার আদালত এ বিষয়ে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা আদেশ স্থগিত করায় সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার পথ পুরোপুরি উন্মুক্ত হয়েছে। ফলে এখন থেকে ট্রাস্টি প্রতিষ্ঠানগুলো তাদের অধীনস্থ ফান্ডগুলোর রূপান্তর বা অবসায়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।

এর আগে কয়েকজন ইউনিটহোল্ডারের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সংশ্লিষ্ট ফান্ডগুলোর রূপান্তর ও অবসায়ন কার্যক্রমে দুই মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন। পরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওই আদেশের বিরুদ্ধে আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেন।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানান, মেয়াদি মিউচুয়াল ফান্ড রূপান্তর বিষয়ে কমিশন গত ৯ জুন প্রয়োজনীয় নির্দেশনা জারি করে। পরবর্তীতে হাইকোর্টের রিটের পর ১১ জুন ট্রাস্টিদের জানানো হয়, স্থিতাবস্থার সুবিধা শুধুমাত্র রিটকারী ইউনিটহোল্ডারদের জন্য প্রযোজ্য হবে। অন্যদের ক্ষেত্রে রূপান্তর কার্যক্রম চলমান থাকবে।

তিনি বলেন, সর্বশেষ আদালতের আদেশে সেই সীমাবদ্ধতাও দূর হয়েছে। ফলে এখন আর কোনো ইউনিটহোল্ডার এই প্রক্রিয়ার বাইরে থাকছেন না। সব ট্রাস্টি প্রতিষ্ঠান তাদের ফান্ডের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। ক্লোজড-এন্ড ফান্ডকে ওপেন-এন্ডে রূপান্তর কিংবা অবসায়নের ক্ষেত্রে বর্তমানে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।

নতুন বিধিমালা অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে জারি করা ‘মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫’-এ মেয়াদি ফান্ড রূপান্তরের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো ফান্ডের ইউনিটের গড় বাজারদর যদি গেজেট প্রকাশের ছয় মাসের মধ্যে ক্রয়মূল্য বা ঘোষিত নিট সম্পদমূল্যের (এনএভি) মধ্যে যেটি বেশি, তার তুলনায় ২৫ শতাংশের বেশি কমে যায়, তাহলে সংশ্লিষ্ট ট্রাস্টিকে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করতে হবে।

ইজিএমে উপস্থিত ভোটদানকারী ইউনিটহোল্ডারদের অন্তত ৭৫ শতাংশের সমর্থন এবং বিএসইসির অনুমোদন সাপেক্ষে ফান্ডটিকে ওপেন-এন্ডে রূপান্তর অথবা অবসায়নের সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। এই বিধান বাস্তবায়নের লক্ষ্যে চলতি বছরের ৭ মে বিএসইসি বিস্তারিত নির্দেশনা জারি করে।

তবে কমিশনের ওই নির্দেশনার বিরুদ্ধে কয়েকজন ইউনিটহোল্ডার হাইকোর্টে রিট করেন। তাদের দাবি ছিল, ২০১৮ সালের সরকারি গেজেটের মাধ্যমে যেসব ক্লোজড-এন্ড ফান্ডের মেয়াদ বাড়ানো হয়েছিল, সেগুলোর বর্ধিত মেয়াদ শেষ হওয়ার আগেই রূপান্তরের উদ্যোগ নেওয়া হলে ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।

রিটের শুনানি শেষে গত ২১ মে হাইকোর্ট বিএসইসির ৭ মে জারি করা নির্দেশনা এবং ‘মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫’-এর ৬২, ৬৩ ও ৬৪ নম্বর বিধির বৈধতা নিয়ে রুল জারি করেন। একই সঙ্গে দুই মাসের জন্য রূপান্তর ও অবসায়ন কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

হাইকোর্টের ওই আদেশের পর কয়েকটি ট্রাস্টি প্রতিষ্ঠান তাদের অধীনস্থ ফান্ডগুলোর ইজিএম আয়োজনের প্রস্তুতি স্থগিত করে এবং বিষয়টি বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) অবহিত করে।

পরবর্তীতে ১১ জুন বিএসইসি ট্রাস্টিদের কাছে চিঠি পাঠিয়ে জানায়, হাইকোর্টের আদেশ কেবল রিটকারীদের জন্য প্রযোজ্য। অন্য সব ইউনিটহোল্ডারের ক্ষেত্রে কমিশনের নির্দেশনা কার্যকর থাকবে এবং রূপান্তর বা অবসায়নের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

সর্বশেষ চেম্বার আদালতের আদেশের ফলে এখন সব মেয়াদি মিউচুয়াল ফান্ডের ভবিষ্যৎ নির্ধারিত হবে ইউনিটহোল্ডারদের ভোটের মাধ্যমে। উপস্থিত ভোটদাতাদের অন্তত ৭৫ শতাংশ যে সিদ্ধান্তের পক্ষে মত দেবেন এবং বিএসইসির অনুমোদন পাওয়া যাবে, সেই সিদ্ধান্তই কার্যকর হবে।

সর্বশেষ