ঢাকা   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত ৫ বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

জাতীয়

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪, ২০ মার্চ ২০২৬

আপডেট: ১৬:০৫, ২০ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত ৫ বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, পরিস্থিতির অবনতি বিবেচনায় ইরানসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হচ্ছে এবং প্রয়োজনে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

শুক্রবার সকালে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশারফ হোসেনের মরদেহ দেশে পৌঁছায়। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের পাশে সরকার সবসময় রয়েছে। নিহত মোশারফ হোসেনের পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে এবং তার দুই সন্তানের পড়ালেখার দায়িত্ব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গ্রহণ করবে।

সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে।