ঢাকা   মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে শেয়ারবাজারে বড় ধস, ৬ বছরে একদিনে সর্বোচ্চ পতন

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ৮ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে শেয়ারবাজারে বড় ধস, ৬ বছরে একদিনে সর্বোচ্চ পতন

 যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে জ্বালানি সরবরাহ অনিশ্চয়তার আশঙ্কায় দেশের শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। রোববার (৮ মার্চ) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩১ পয়েন্ট কমে গেছে, যা গত ছয় বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ পতন।

দিনশেষে ডিএসইএক্স সূচক ২৩১ পয়েন্ট বা প্রায় ৪.৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮ পয়েন্টে। সর্বশেষ ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারির প্রভাবে বিনিয়োগকারীদের আতঙ্কজনিত বিক্রির কারণে এ ধরনের বড় পতন দেখা গিয়েছিল।


বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। মোট লেনদেন হওয়া শেয়ারের মধ্যে প্রায় ৯৫ শতাংশ বা ৩৭১টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। বিপরীতে মাত্র ১০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং ৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এদিকে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৩৫ পয়েন্ট বা ৩.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৩ পয়েন্টে। একই সময়ে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ কমেছে ৯১.৫৩ পয়েন্ট বা ৪.৫৫ শতাংশ, যা নেমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৯ পয়েন্টে।

এর আগে গত ৩ মার্চও শেয়ারবাজারে বড় পতন দেখা যায়। সেদিন বিনিয়োগকারীদের ধারাবাহিক বিক্রির চাপে ডিএসইএক্স সূচক ২০৮ পয়েন্ট কমে যায়। ফলে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে গত সপ্তাহজুড়েই বাজারে নেতিবাচক প্রভাব পড়ে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে সামগ্রিকভাবে ডিএসইএক্স সূচক ৩৫৯ পয়েন্ট বা প্রায় ৬.৪২ শতাংশ কমেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থায় বড় ধাক্কা দিয়েছে, যার ফলে বাজারজুড়ে ব্যাপক বিক্রির চাপ তৈরি হয়েছে।