ঢাকা   মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

ক্রেডিট-ডেবিট কার্ডের লেনদেনের রেকর্ড বৃদ্ধি

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:১৯, ৮ মার্চ ২০২৬

ক্রেডিট-ডেবিট কার্ডের লেনদেনের রেকর্ড বৃদ্ধি

বাংলাদেশে কার্ডের মাধ্যমে লেনদেন গত পাঁচ বছরে প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের জানুয়ারিতে ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডে লেনদেন ছিল ২০,৬২৫ কোটি টাকা। ২০২৫ সালের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫০,০৪৪ কোটি টাকায়, যা ১৪৩ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

বর্তমানে দেশের ৬১টি ব্যাংক ও একটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কার্ড সেবা প্রদান করছে। এর মধ্যে ৫৫টি ব্যাংক ডেবিট কার্ড সেবা দিচ্ছে।


সংখ্যার দিক থেকে, ২০২১ সালের জানুয়ারি শেষে দেশে কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৪০ লাখের বেশি। পাঁচ বছরের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ১৮ লাখে, যা ১১৫ শতাংশ বৃদ্ধির সমতুল্য। ২০২০ সালের আগস্টে সব ধরনের কার্ডের সংখ্যা ছিল প্রায় ২ কোটি ২২ লাখ, যা ২০২৫ সালের জুলাইয়ে বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৬৯ লাখ।

গত বছরের ডিসেম্বর মাসে দেশে বিভিন্ন ব্যাংকের ইস্যু করা ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা মোট ৩,৯৩০ কোটি টাকা ব্যয় করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে, যা প্রায় ১,৭৪০ কোটি টাকা।

বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা, যা মোট ব্যয়ের এক-চতুর্থাংশেরও বেশি। এছাড়া যুক্তরাজ্য, ভারত, মোজাম্বিক, অস্ট্রেলিয়া, কানাডা ও সৌদি আরবের নাগরিকরাও ক্রেডিট কার্ডে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করেছেন।