আগের দিনের ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ও লেনদেনের পরিমাণ কিছুটা বাড়লেও বাজারে প্রত্যাশিত গতি দেখা যায়নি। বাজার সংশ্লিষ্টদের মতে, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান শেয়ারবাজারে স্থবিরতা তৈরি করছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪৬ দশমিক ৬৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২ দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৫ দশমিক ৭০ পয়েন্টে। তবে ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ বেড়েছে ১ দশমিক ৩৭ পয়েন্ট, যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৯ দশমিক ১২ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৯টির শেয়ারদর বেড়েছে, ১৫৬টির কমেছে এবং ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের চিত্রে দেখা যায়, আজ ডিএসইতে মোট ৩৮৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই অঙ্ক ছিল ৩৫২ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন প্রায় ৩৩ কোটি ৮৫ লাখ টাকা বেড়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৭ কোটি ৭৯ লাখ টাকার তুলনায় কম।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬২টির দর বেড়েছে, ৬৬টির কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮৩ দশমিক ৬৭ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ২০ দশমিক ৩৭ পয়েন্ট কমেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, সূচক ও লেনদেনে সামান্য উন্নতি দেখা গেলেও নির্বাচনকেন্দ্রিক অনিশ্চয়তা ও বিনিয়োগকারীদের অপেক্ষাকৃত রক্ষণশীল মনোভাবের কারণে বাজারে শক্তিশালী প্রবণতা তৈরি হচ্ছে না। নির্বাচন-পরবর্তী পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত বাজারে এ ধরনের ধীরগতির লেনদেন অব্যাহত থাকতে পারে।
























