ঢাকা   শনিবার ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয়

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১০:২০, ২১ মার্চ ২০২৬

আপডেট: ১০:২৩, ২১ মার্চ ২০২৬

সর্বশেষ

একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে একসঙ্গে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে এ প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের এই প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং বাংলাদেশে নিযুক্ত মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরাও জামাতে অংশ নেন।

জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের জন্য ছিল সুপরিকল্পিত ও সুশৃঙ্খল ব্যবস্থা। প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য আয়োজন করা হয়, যার মধ্যে সাড়ে ৩ হাজার নারী মুসল্লির জন্য ছিল আলাদা ব্যবস্থা। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওজুখানা ও নামাজের নির্দিষ্ট স্থান নিশ্চিত করা হয়। পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ওজুখানা ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়।

ঈদের প্রধান জামাতকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগ থেকেই মুসল্লিরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তল্লাশি শেষে ঈদগাহে প্রবেশ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিন স্তরের তল্লাশির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করেন।

এদিকে, মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেও ঈদগাহমুখী মানুষের ঢল নামে। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা মাঠে জড়ো হতে থাকেন। জামাত শুরুর আগেই পুরো ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ জামাতের মধ্য দিয়ে দেশজুড়ে শুরু হয় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপন।

সর্বশেষ