মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি। তার সঙ্গে নিহত হয়েছেন তার ছেলে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি)।
বুধবার এক বিবৃতিতে এসএনএসসি জানায়, “শহীদের পবিত্র আত্মা আল্লাহর নেককার বান্দা, শহীদ ডক্টর আলি লারিজানির পবিত্র আত্মাকে আলিঙ্গন করেছে। ইরানের মহিমা ও ইসলামি বিপ্লবের জন্য তার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আজ পূরণ হয়েছে।”
ইরানের আধা-স্বায়ত্তশাসিত সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য প্রকাশ করে। বিবৃতিতে আরও বলা হয়, তিনি সত্যের আহ্বানে সাড়া দিয়ে দেশের সেবায় জীবন উৎসর্গ করেছেন এবং শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা অর্জন করেছেন।
এসএনএসসি আরও জানায়, এই আত্মত্যাগের মাধ্যমে লারিজানি রমজানের শহীদদের কাতারে শামিল হয়েছেন। তিনি ইসলামের মহান ব্যক্তিত্ব ইমাম আলি (আঃ), ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আলি খামেনি, বিশিষ্ট চিন্তাবিদ আয়াতুল্লাহ মুর্তাজা মোতাহারী এবং আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনের নেতাদের মধ্যে সৈয়দ হাসান নাসরাল্লাহ ও কাসেম সোলেইমানি-এর সঙ্গে মিলিত হয়েছেন বলে উল্লেখ করা হয়।
এই ঘটনার পর পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
























