ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনার প্রতিবাদে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জো কেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক চিঠিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
চিঠিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, বিবেকের দিক থেকে তিনি এই যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। তার মতে, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না; বরং ইসরায়েল ও প্রভাবশালী মার্কিন লবির চাপে যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়েছে।
জো কেন্ট আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী যুদ্ধগুলো যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের ‘ফাঁদ’, যা দেশের সম্পদ ক্ষয় করে এবং অমূল্য প্রাণহানি ঘটায়। তিনি দাবি করেন, ভুল তথ্য প্রচারণার মাধ্যমে প্রশাসনকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পথে ঠেলে দেওয়া হয়েছে—যা অতীতে ইরাক যুদ্ধের সময়ও দেখা গেছে।
নিজের সামরিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, অপ্রয়োজনীয় যুদ্ধে নতুন প্রজন্মকে পাঠানো উচিত নয়। তাঁর ভাষায়, এসব যুদ্ধ আমেরিকান জনগণের প্রকৃত কোনো উপকারে আসে না।
চিঠির শেষাংশে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরান ইস্যুতে পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, এখনই সময় সাহসী সিদ্ধান্ত নেওয়ার—যা যুক্তরাষ্ট্রকে নতুন দিকনির্দেশনা দিতে পারে; অন্যথায় দেশ আরও অস্থিরতার দিকে এগোতে পারে।
























