ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পাটগ্রাম উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায়।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও তাদের এক সন্তান নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
নিহত শরিফুল ইসলাম (৩৫) হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। তিনি পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটি উপলক্ষে স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শরিফুল। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত আরেক সন্তানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
ঈদযাত্রার এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
























