ঢাকা   শুক্রবার ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

একীভূত ৫ ব্যাংক ইস্যুতে বিস্ফোরণ! আমানতকারীদের বিক্ষোভে জলকামান

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:৩৭, ৫ মার্চ ২০২৬

আপডেট: ২২:৩৯, ৫ মার্চ ২০২৬

সর্বশেষ

একীভূত ৫ ব্যাংক ইস্যুতে বিস্ফোরণ! আমানতকারীদের বিক্ষোভে জলকামান

ছবি: পাঁচ ব্যাংকের কিছু আমানতকারী আজ বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন। 

একীভূত উদ্যোগে থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা সুদসহ পুরো টাকা ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে তীব্র বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু হয়, যা পরে শাপলা চত্বরের প্রধান সড়ক অবরোধে পরিণত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের সরিয়ে দেন।

একীভূত করা পাঁচটি ব্যাংক হলো ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এ ব্যাংকগুলোর সমন্বয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অমানতকারীরা অভিযোগ করেন, ব্যাংকের সাবেক গভর্নরের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর মাত্র ৪ শতাংশ করে মুনাফা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি ‘হেয়ার কাট’ নামে পরিচিত। অনেক আমানতকারী এখন তাদের মূলধন ও মুনাফা তুলতে পারছেন না, ফলে তারা আর্থিক সংকটে পড়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিল করে সুদসহ পুরো আমানতের অর্থ ফেরত দিতে হবে। এছাড়া তারা ব্যাংকগুলোর স্বাভাবিক লেনদেন চালু করারও দাবি জানান। আন্দোলনকারীরা সতর্ক করে বলেন, দাবি আদায় না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

অমানতকারীরা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তারা শাপলা চত্বরের প্রধান সড়কও অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিশ্লেষকরা বলছেন, একীভূত ব্যাংক কাঠামো এবং এই ধরনের ‘হেয়ার কাট’ পরিস্থিতি দেশের ব্যাংকিং খাতে নতুন প্রশ্ন উত্থাপন করেছে। তারা আশঙ্কা করছেন, যদি সময়মতো সমাধান না আসে, তবে সাধারণ আমানতকারীদের আস্থা ক্ষুণ্ণ হতে পারে এবং ব্যাংকিং খাতে আরও সংকট তৈরি হতে পারে।

বাংলাদেশ ব্যাংক এখন এই সমস্যার সমাধানে কি পদক্ষেপ গ্রহণ করবে, তা দেশের আর্থিক খাতের জন্য গুরুত্বপূর্ণ।

 

সর্বশেষ