ঢাকা   বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

শীর্ষ ১০ কোম্পানির প্রভাবে বাজার নিম্নমুখী

শীর্ষ ১০ কোম্পানির প্রভাবে বাজার নিম্নমুখী

টানা তৃতীয় কার্যদিবসেও বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশের শেয়ারবাজারে সূচক নিম্নমুখী থেকে লেনদেন শেষ হয়েছে। সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও হ্রাস পেয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫১ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৯ পয়েন্টে নেমে আসে।

লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল-এর তথ্য অনুযায়ী, মাত্র ১০টি কোম্পানির নেতিবাচক অবদানে ডিএসই সূচকে বড় ধরনের পতন হয়েছে। এসব কোম্পানি সম্মিলিতভাবে সূচক থেকে প্রায় ৩৪ পয়েন্ট কমিয়েছে।

সূচক পতনে প্রভাব রাখা কোম্পানিগুলো হলো—
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি,
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি,
আইএফআইসি ব্যাংক পিএলসি,
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি,
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ,
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড,
ঢাকা ব্যাংক পিএলসি,
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক,
প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং
ওয়ান ব্যাংক পিএলসি

এর মধ্যে সর্বোচ্চ নেতিবাচক প্রভাব ফেলেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। একাই সূচক থেকে প্রায় ১৩ পয়েন্ট কমিয়েছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ারদর ২ টাকা ১০ পয়সা বা ৪ দশমিক ৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪ টাকা ৬০ পয়সায়। দিনের লেনদেনে শেয়ারটির দর ৪৪ টাকা ৩০ পয়সা থেকে ৪৭ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিন শেষে ব্যাংকটির ৭ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ নেতিবাচক অবদান এসেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ থেকে। কোম্পানিটি সূচক থেকে প্রায় ৩ পয়েন্ট কমিয়েছে। শেয়ারদর ৬ টাকা ৯০ পয়সা বা ১ দশমিক ৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১৯ টাকা ২০ পয়সায়। এদিন দর ৪১৩ টাকা থেকে ৪৩০ টাকার মধ্যে ওঠানামা করে। মোট লেনদেন হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা

তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি। ব্যাংকটির শেয়ারদর ৫০ পয়সা বা ৭ দশমিক ৪৬ শতাংশ কমে নেমে এসেছে ৬ টাকা ২০ পয়সায়, যা সূচক থেকে প্রায় ৩ পয়েন্ট কমিয়েছে। দিনভর শেয়ারটি ৬ টাকা ২০ পয়সা থেকে ৬ টাকা ৮০ পয়সার মধ্যে লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা

এছাড়া স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ঢাকা ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংকওয়ান ব্যাংক—প্রতিটিই সূচক থেকে প্রায় ২ থেকে ৩ পয়েন্ট পর্যন্ত কমিয়েছে।

 বাজার বিশ্লেষকদের মতে, বড় মূলধনী ও সূচক-প্রভাবশালী শেয়ারগুলোর দর কমে যাওয়াতেই এদিন বাজারে চাপ তৈরি হয়েছে। তবে এটিকে আতঙ্ক নয়, বরং স্বাভাবিক সংশোধন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।