ঢাকা   বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

দুই কোম্পানির মার্জিন ঋণ সুবিধা বন্ধ

দুই কোম্পানির মার্জিন ঋণ সুবিধা বন্ধ

অনুমোদিত ডিভিডেন্ড নির্ধারিত সময়ের মধ্যে বিতরণে ব্যর্থ হওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির মার্জিন ঋণ সুবিধা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে অবনমিত করে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে। কোম্পানিগুলো হলো— টেকনো ড্রাগস লিমিটেড এবং এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ)। আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০ মে ২০২৪ তারিখে জারি করা নির্দেশনা নম্বর BSEC/CMRRCD/2009-193/77-এর প্রভিশন ১(ই) অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত লভ্যাংশ বিতরণ না করায় কোম্পানি দুটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেকনো ড্রাগস লিমিটেড

বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে ‘এ’ ক্যাটাগরিভুক্ত টেকনো ড্রাগস লিমিটেডকে আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে কোম্পানিটির শেয়ার ক্রয়ের ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মার্জিন রুলস, ২০২৫-এর রুল ১১(৮) অনুযায়ী, উল্লিখিত তারিখ থেকে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের টেকনো ড্রাগসের শেয়ার কেনার বিপরীতে কোনো ধরনের ঋণ সুবিধা প্রদান না করতে বলা হয়েছে।

এএমসিএল (প্রাণ)

একই কারণে এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ)-কেও ‘এ’ ক্যাটাগরি থেকে অবনমিত করে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে। কোম্পানিটির ক্ষেত্রেও এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে।

এছাড়া বিএসইসির মার্জিন রুলস, ২০২৫-এর রুল ১১(৮) অনুযায়ী, ওই তারিখ থেকে এএমসিএল (প্রাণ)-এর শেয়ার ক্রয়ের জন্য স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকাররা কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা দিতে পারবেন না।

বাজার সংশ্লিষ্টদের মতে, সময়মতো ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতার কারণে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন এবং মার্জিন সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার লেনদেনের গতি ও বিনিয়োগকারীদের আগ্রহের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।