আগের দুই কার্যদিবসের ধারাবাহিকতা বজায় রেখে মঙ্গলবারও (৩ ফেব্রুয়ারি) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী সূচকের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক প্রায় ১৯ পয়েন্ট বেড়ে দিনশেষে ৫ হাজার ২৬৭ পয়েন্টে দাঁড়ায়।
বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় মোট ৩৯৪টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১৮৯টির শেয়ারদর বেড়েছে। তবে অতিরিক্ত ক্রয়চাহিদার বিপরীতে বিক্রয়াদেশ না থাকায় ১৫টি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রেতা সংকটে পড়ায় লেনদেন স্থগিত (হল্টেড) হয়ে যায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিক্রেতা সংকটে হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, এমারেল্ড অয়েল, শাশা ডেনিমস, ইন্টারন্যাশনাল লিজিং, উত্তরা ফাইন্যান্স, খুলনা প্রিন্টিং, ফাস ফাইন্যান্স, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, জিএসপি ফাইন্যান্স, নিউলাইন ক্লোথিংস, প্রাইম ফাইন্যান্স, তুংহাই নিটিং এবং বিআইএফসি। এসব শেয়ারে পর্যাপ্ত ক্রয়াদেশ থাকলেও বিক্রয়াদেশ না থাকায় নির্ধারিত সময়ের আগেই লেনদেন বন্ধ হয়ে যায়।
দর বৃদ্ধির দিক থেকে শীর্ষে ছিল পিপলস লিজিং। এদিন কোম্পানিটির শেয়ারদর ৮ পয়সা বা ১০ দশমিক ৬৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮৩ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পায় প্রিমিয়ার লিজিংয়ের। কোম্পানিটির শেয়ারদর ৭ পয়সা বা ১০ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৭৬ পয়সায় দাঁড়ায়।
তৃতীয় অবস্থানে ছিল এমারেল্ড অয়েল। এদিন কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে ১৩ টাকা ২০ পয়সায় পৌঁছায়।
অন্যান্য হল্টেড শেয়ারের মধ্যে শাশা ডেনিমসের শেয়ারদর ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৬৫ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৬০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৭ পয়সা বা ৯ দশমিক ৫৯ শতাংশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৫৫ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৩০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৩০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০ পয়সা বা ৫ দশমিক ৮৮ শতাংশ, তুংহাই নিটিংয়ের ১০ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ এবং বিআইএফসির শেয়ারদর ১০ পয়সা বা ৫ দশমিক ২৬ শতাংশ বেড়েছে।
























