ঢাকা   সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

খরচ নিয়ন্ত্রণে মুনাফায় চমক: ছয় মাসে রেনাটার লাভ ১৫৬ কোটি টাকা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১১:০১, ২ ফেব্রুয়ারি ২০২৬

খরচ নিয়ন্ত্রণে মুনাফায় চমক: ছয় মাসে রেনাটার লাভ ১৫৬ কোটি টাকা

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) ওষুধ খাতের শীর্ষস্থানীয় দেশীয় কোম্পানি রেনাটা লিমিটেড ১৫৬ কোটি টাকা মুনাফা করেছে। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ১২৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ৩১ কোটি টাকা বা প্রায় ২৫ শতাংশ।

রেনাটার অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে রোববার দেশের দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদনটি অনুমোদন দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রেনাটা ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো মিলিয়ে মোট ২ হাজার ২২৪ কোটি টাকার ব্যবসা করেছে। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ হাজার ৮৭ কোটি টাকা। সে হিসাবে এক বছরে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ১৩৭ কোটি টাকা বা সাড়ে ৬ শতাংশের বেশি।

রেনাটার দুটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে—রেনাটা (ইউকে) লিমিটেড এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস (আয়ারল্যান্ড) লিমিটেড। এর মধ্যে ইউকে ইউনিটের মাধ্যমে যুক্তরাজ্যের বাজারে এবং আয়ারল্যান্ড ইউনিটের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করা হয়। পাশাপাশি মূল কোম্পানি দেশের বাজার ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ওষুধ বাজারজাত করছে।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশের বাজার ও রপ্তানি বাজার মিলিয়ে মূল কোম্পানি রেনাটা করেছে ২ হাজার ২০৫ কোটি টাকার ব্যবসা। একই সময়ে রেনাটা আয়ারল্যান্ডের ব্যবসা ছিল ১৯ কোটি টাকা এবং রেনাটা ইউকের ব্যবসা ছিল ১৬ লাখ টাকা। সব মিলিয়ে তিন কোম্পানির সম্মিলিত ব্যবসা দাঁড়ায় ২ হাজার ২২৪ কোটি টাকায়।

বিশ্লেষণে দেখা গেছে, ব্যবসার তুলনায় মুনাফার প্রবৃদ্ধি বেশি হওয়ার প্রধান কারণ উৎপাদন ও আর্থিক খরচ কমে যাওয়া। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ২ হাজার ২২৪ কোটি টাকার ব্যবসার বিপরীতে রেনাটার উৎপাদন খরচ ছিল ১ হাজার ২৩২ কোটি টাকা, যা মোট ব্যবসার প্রায় ৫৫ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে উৎপাদন খরচ ছিল মোট ব্যবসার ৫৮ শতাংশ। অর্থাৎ এক বছরে উৎপাদন খরচের অনুপাত প্রায় ৩ শতাংশ কমেছে।

এ ছাড়া সুদসহ অন্যান্য আর্থিক খরচও কমেছে। গত অর্থবছরের প্রথম ছয় মাসে এ খাতে খরচ ছিল ৭৯ কোটি টাকা, যা চলতি অর্থবছরের একই সময়ে কমে দাঁড়িয়েছে ৭৩ কোটি টাকায়।

এ বিষয়ে জানতে চাইলে রেনাটা লিমিটেডের কোম্পানি সচিব জোবায়ের আলম বলেন, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কোম্পানির সুদসহ অন্যান্য আর্থিক খরচ আগের অর্থবছরের তুলনায় সোয়া ৭ শতাংশের বেশি কমেছে। পাশাপাশি উৎপাদনসহ অন্যান্য কিছু খরচ নিয়ন্ত্রণে থাকায় ব্যবসার তুলনায় মুনাফায় বেশি প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।