বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
সচিবরা হলেন:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না,
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন,
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।
এর আগে, নতুন সরকার গঠনের প্রথম তিন দিনে জনপ্রশাসনের দুটি শীর্ষ পদ থেকে দুই কর্মকর্তা স্বেচ্ছায় সরে গিয়েছিলেন। এরপর মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিতে নতুন নিয়োগ দেওয়া হয়।
সচিবালয়ের সূত্রে জানা গেছে, প্রশাসনে আরও কিছু পরিবর্তন আসতে পারে। খালি থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ চারটি সচিব পদে নিয়োগ, চুক্তিতে থাকা কয়েকজন সচিবের বদলি এবং জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন সম্ভব। একইভাবে পুলিশ ও অন্যান্য সরকারি দপ্তরেও বদলি হতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, নতুন সরকার প্রশাসনে পরিবর্তন আনা স্বাভাবিক, তবে আশা করা হচ্ছে অতীতের মতো দলীয়করণ বা অযোগ্যদের নিয়োগ হবে না। সরকারের ইশতেহারেও এই নীতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে—‘মেরিটোক্রেসির বাংলাদেশ’ গড়ে তুলতে যোগ্যতা, দক্ষতা ও সততাকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে।
























