ঢাকা   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সাড়ে ১৩ হাজার নারী বিনিয়োগকারীর শেয়ারবাজারকে বিদায়

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ১২ মার্চ ২০২৬

সাড়ে ১৩ হাজার নারী বিনিয়োগকারীর শেয়ারবাজারকে বিদায়

দেশের শেয়ারবাজার থেকে গত এক বছরে নারী বিনিয়োগকারীদের বড় ধরনের প্রস্থান ঘটেছে। দীর্ঘস্থায়ী মন্দার কবলে পড়ে অনেক বিনিয়োগকারী নিজেদের গুটিয়ে নিয়েছেন, যার প্রতিফলন দেখা গেছে বিও অ্যাকাউন্ট বন্ধ করার পরিসংখ্যানে। তথ্য বলছে, গত এক বছরের ব্যবধানে সাড়ে ১৩ হাজারেরও বেশি নারী বিনিয়োগকারী তাদের বিও অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন।

এমন এক সময়ে এই নেতিবাচক চিত্র সামনে এলো যখন ৮ মার্চ বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হচ্ছে। কর্মসংস্থানের প্রতিটি ক্ষেত্রে নারীর পদচারণা ও ক্ষমতায়ন যখন বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে, এমনকি বাংলাদেশেও যখন নারীরা বিভিন্ন পেশায় সাফল্যের স্বাক্ষর রাখছেন, তখন শেয়ারবাজারে তাদের এই বিপরীতমুখী অবস্থান খাত সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলছে।


সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ৯ মার্চ পর্যন্ত বাজারে নারী বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৪ লাখ ৪ হাজার ৩১১টি। তবে ২০২৬ সালের ৮ মার্চ সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ৭২৪টিতে। অর্থাৎ এক অর্থবছরের ব্যবধানে ১৩ হাজার ৫৪৭ জন নারী বিনিয়োগকারী বাজার ছেড়েছেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সময়ে নারী-পুরুষ নির্বিশেষে সব ধরনের বিনিয়োগকারীর সংখ্যায় টান পড়েছে। তবে সংখ্যার বিচারে পুরুষদের বাজার ছাড়ার পরিমাণ বেশি মনে হলেও, হারের দিক থেকে নারী বিনিয়োগকারীদের প্রস্থানের গতি অনেক বেশি উদ্বেগজনক।

পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের ৯ মার্চ দেশের শেয়ারবাজারে মোট বিও অ্যাকাউন্ট ছিল ১৬ লাখ ৮৭ হাজার ১৫১টি। ২০২৬ সালের ৮ মার্চ নাগাদ তা কমে ১৬ লাখ ৫১ হাজার ৭৭৯টিতে নেমে এসেছে। অর্থাৎ এক বছরে মোট অ্যাকাউন্ট কমেছে ৩৫ হাজার ৩৭২টি। এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট ১২ লাখ ৬৫ হাজার ২০৮টি থেকে কমে ১২ লাখ ৪৩ হাজার ৫৪টিতে দাঁড়িয়েছে, যার মানে ২২ হাজার ১৫৪ জন পুরুষ বিনিয়োগকারী তাদের হিসাব বন্ধ করেছেন।