সাম্প্রতিক দরপতনের ধারা কাটিয়ে আবারও উত্থানের পথে ফিরছে দেশের শেয়ারবাজার। সোমবারের ধারাবাহিকতা বজায় রেখে মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দেশের উভয় শেয়ারবাজারেই সূচকের উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা গেছে। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অঙ্কে লেনদেন বেড়েছে, অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কিছুটা কমেছে।
দিনের শুরু থেকেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় এবং শেষ পর্যন্ত তা বজায় থাকে। এর ফলে সাম্প্রতিক পতনে সূচক থেকে হারানো পয়েন্টগুলো ধীরে ধীরে পুনরুদ্ধার হতে শুরু করেছে, যা বাজারের জন্য ইতিবাচক ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে কোনো পরিস্থিতিই স্থায়ী নয়। যেমন দীর্ঘ উত্থানের পর বাজারে পতন দেখা দেয়, তেমনি পতনের পর আবার উত্থানও শুরু হয়। চলতি মাসের শুরুতে তিন দেশের যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কারণে বাজারে ধারাবাহিক পতন শুরু হয়েছিল। তবে সোমবার থেকে সেই ধারা বদলে উত্থান দেখা যাচ্ছে, যা মঙ্গলবারও অব্যাহত রয়েছে। এতে মাত্র দুই কার্যদিবসেই সূচকে প্রায় ২৮০ পয়েন্ট পুনরুদ্ধার হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৮ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮৯ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে। একই দিনে ডিএসইর অপর সূচক ডিএসইএস ২৩ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮ দশমিক ৩৮ পয়েন্টে। এছাড়া ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ ৬২ দশমিক ৯৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ৩৮ দশমিক ৮৩ পয়েন্টে পৌঁছেছে।
এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৩৯টির শেয়ারদর বেড়েছে, ১৩টির কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিমাণের দিক থেকেও ডিএসইতে ইতিবাচক চিত্র দেখা গেছে। মঙ্গলবার এখানে প্রায় ৫৯০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ৪১৬ কোটি ৪ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৭৪ কোটি ২০ লাখ টাকা।
অন্যদিকে সিএসইতে এদিন মোট ৪৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সেখানে লেনদেন হয়েছিল প্রায় ৪৮ কোটি ৫৫ লাখ টাকা।
সিএসইতে মোট ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১২৯টির দর বেড়েছে, ৩০টির কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে।
সূচকের দিক থেকেও সিএসইতে বড় উত্থান দেখা গেছে। এদিন সার্বিক সূচক সিএএসপিআই ৩৩৩ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮২১ দশমিক ৪১ পয়েন্টে। এর আগের কার্যদিবসে এই সূচক বেড়েছিল ১৮১ দশমিক ৮৬ পয়েন্ট।
























