শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক এক দশকেরও বেশি সময় ধরে গ্যাসের সরবরাহ সংকটে জর্জরিত থাকার পর পুরোদমে উৎপাদনে ফিরেছে।
বিনিয়োগকারীদের এই সুখবরের কথা কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পুনরায় চালু হওয়ায় পথিকৃৎ সিরামিক টেবিলওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি নতুন গতি অর্জন করছে এবং অভিজাত প্রতিষ্ঠান ও বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলোর কাছে পছন্দের তালিকায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এক অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়ে মুন্নু সিরামিক বহুজাতিক কোম্পানি পাঁচতারা হোটেল ও বিলাসবহুল রিসোর্ট শীর্ষ সরকারি প্রতিষ্ঠান এবং শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মর্যাদাপূর্ণ অর্ডার সুরক্ষিত করেছে।
মুন্নুর জন্য একটি নতুন মাইলফলক এসেছে ক্রাউন প্লাজা এয়ারপোর্টের সাথে কৌশলগত অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে, যা হোটেলটির অফিসিয়াল টেবিলওয়্যার সরবরাহকারী হিসেবে মুন্নুকে প্রতিষ্ঠিত করেছে। ক্রাউন প্লাজা এয়ারপোর্ট একটি আইএইচজি হোটেল এবং এটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত।
এছাড়াও, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিশেষ উপহার সামগ্রী তৈরি করে কোম্পানিটি তাদের ঐতিহ্যকে পুনরায় তুলে ধরেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশীদ মায়মুনুল ইসলাম বলেছেন, “এই পুনরুত্থান আমাদের ঐতিহ্য, স্থিতিশীলতা এবং শ্রেষ্ঠত্বের প্রতি নিরলস অঙ্গীকারের প্রমাণ। ৪০ বছরেরও বেশি সময় ধরে মুন্নু শুধুমাত্র একটি নাম নয়—এটি দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে গুণমান এবং আস্থার প্রতীক।”
তিনি জানান, “১৫ বছর ধরে নানা চ্যালেঞ্জের মধ্যেও আমরা গুণমান, উদ্ভাবন এবং আস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকেছি। আজ, পূর্ণ উৎপাদন কার্যক্রম পুনরায় চালু হওয়ায় মুন্নু স্থানীয় এবং বৈশ্বিক বাজারের চাহিদা পূরণে প্রস্তুত। এটি আমাদের চার দশকের ঐতিহ্যের ধারাবাহিকতা এবং নতুন এক উজ্জ্বল ভবিষ্যতের সূচনা।”
উল্লেখ্য, মুন্নু সিরামিক ১৯৮৪ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ২০২৪ অর্থবছরে কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, যেখানে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ৩৯ পয়সা। আগের বছর ২০২৩ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছিল এবং ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৯১ পয়সা।
























