আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) অর্থ লেনদেনে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএসে একবারে সর্বোচ্চ ১ হাজার টাকা লেনদেন করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে রবিবার (৮ ফেব্রুয়ারি) জারি করা এক নির্দেশনায় জানানো হয়, নির্বাচনে মোবাইল ব্যাংকিংয়ের অপব্যবহার রোধ করতেই এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, এই বিধিনিষেধ সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয়ে ৯৬ ঘণ্টা, অর্থাৎ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বহাল থাকবে।
কী কী সীমাবদ্ধতা থাকছে?
-
দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করা যাবে
-
দিনে ১০ বারের বেশি টাকা পাঠানো যাবে না
-
প্রতিবার লেনদেনের সর্বোচ্চ সীমা মাত্র ১,০০০ টাকা
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, এই নিয়ম আইবিএফটি ও পিটুপি (ব্যক্তি থেকে ব্যক্তি) লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে মার্চেন্ট পেমেন্ট, কেনাকাটার বিল পরিশোধ এবং বিদ্যুৎ-গ্যাসসহ ইউটিলিটি বিল পরিশোধে আগের নিয়মই বহাল থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য অনুযায়ী, ভোটের আগে ও পরে অবৈধ অর্থপ্রবাহ ঠেকানো এবং নির্বাচনী পরিবেশ স্বচ্ছ রাখতে এই সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নির্ধারিত সময় শেষ হলে এমএফএসের অন্যান্য লেনদেন স্বাভাবিক থাকবে।
























