শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড-কে ‘বি’ ক্যাটাগরি থেকে অবনমিত করে ‘জেড’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ, ২০২৬) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নির্দেশনা অনুযায়ী। কমিশনের ২০ মে ২০২৪ তারিখের নির্দেশনা (নং: BSEC/CMRRCD/2009-193/77)-এর ধারা ১(ই) অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড পরিশোধে ব্যর্থ কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে রাখার বিধান রয়েছে।
একই সঙ্গে ০৩ মার্চ থেকেই কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে ঋণ সুবিধা বা মার্জিন লোন প্রদান থেকে বিরত থাকার জন্য স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের অনুরোধ জানানো হয়েছে। বিএসইসি প্রণীত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) রুলস, ২০২৫’-এর বিধি ১১(৮) অনুযায়ী এ নির্দেশনা কার্যকর হবে।
বাজার সংশ্লিষ্টদের মতে, ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের ফলে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীদের আস্থা ও লেনদেনের গতি কমে যেতে পারে। সাধারণত এ ক্যাটাগরির কোম্পানিকে উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, ফলে স্বাভাবিকভাবেই বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
























