ঢাকা   মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

২০ মে তদন্ত প্রতিবেদন: শেয়ার কারসাজি মামলায় সাকিব

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৫, ৩ মার্চ ২০২৬

২০ মে তদন্ত প্রতিবেদন: শেয়ার কারসাজি মামলায় সাকিব

শেয়ারবাজারে কারসাজি প্রতারণা ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ২০ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার মো. সাব্বির ফয়েজ-এর ঢাকা মহানগর দায়রা জজে এদিন ধার্য করেন।

মামলার অপর আসামিরা হলেন— সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের ওরফে হিরু, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।

এর আগে গত বছরের ১৭ জুন ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে শেয়ারবাজারে বিনিয়োগ সংক্রান্ত প্রচলিত আইন লঙ্ঘন করেন। তারা পরিকল্পিতভাবে একাধিক বিও অ্যাকাউন্ট ব্যবহার করে ফটকা ব্যবসা, জুয়া ও গুজবের মাধ্যমে বাজারে কারসাজি করেন।

অভিযোগ অনুযায়ী, নির্দিষ্ট কিছু শেয়ার সংঘবদ্ধভাবে ক্রয়-বিক্রয়ের মাধ্যমে কৃত্রিমভাবে দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করা হয়। এতে ব্যাপক ক্ষতিসাধন করে ২৫৬ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়া অভিযোগে বলা হয়, মো. আবুল খায়ের ওরফে হিরুর কারসাজিকৃত Paramount Insurance Limited, Crystal Insurance Limited এবং Sonali Paper & Board Mills Limited–এর শেয়ারে বিনিয়োগের মাধ্যমে সাকিব আল হাসান কারসাজিতে যুক্ত হন। অভিযোগে দাবি করা হয়েছে, এ প্রক্রিয়ায় তিনি ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা অপরাধলব্ধ আয় হিসেবে উত্তোলন করেছেন।