ঢাকা   বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

সহযোগী প্রতিষ্ঠানের উন্নত পারফরম্যান্সে মুনাফায় বড় উল্লম্ফন

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সহযোগী প্রতিষ্ঠানের উন্নত পারফরম্যান্সে মুনাফায় বড় উল্লম্ফন

সহযোগী প্রতিষ্ঠানগুলোর উন্নত কার্যক্রমের ইতিবাচক প্রভাবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার-এর মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কোম্পানিটি সম্প্রতি ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (কিউ২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর’২৫ থেকে ডিসেম্বর’২৫ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭৭ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল মাত্র ১ পয়সা—যা আয় বৃদ্ধির শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে।

 ছয় মাসে লোকসান থেকে মুনাফায় প্রত্যাবর্তন

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই’২৫–ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। অথচ আগের বছরের একই সময়ে কোম্পানিটিকে ১২ পয়সা শেয়ারপ্রতি লোকসান গুনতে হয়েছিল। ফলে মাত্র এক বছরের ব্যবধানে লোকসান কাটিয়ে মুনাফায় ফেরার বিষয়টি বিনিয়োগকারীদের দৃষ্টি কেড়েছে।

 ক্যাশ ফ্লোতেও বড় ইতিবাচক পরিবর্তন

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ (Consolidated NOCFPS) দাঁড়িয়েছে ৪ টাকা ৮০ পয়সা। আগের বছরের একই সময়ে এই নগদ প্রবাহ ছিল ঋণাত্মক ৭ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহে এসেছে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন।

 নিট সম্পদ মূল্যেও অগ্রগতি

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৯০ পয়সা, যা ৩০ জুন ২০২৫ তারিখে ছিল ২৭ টাকা ৭২ পয়সা—এতে কোম্পানির আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত মিলছে।


কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সহযোগী ও সহায়ক প্রতিষ্ঠানগুলোর পারফরম্যান্স উন্নত হওয়া, বৈদেশিক মুদ্রা বিনিময়জনিত ক্ষতি কমে আসা এবং আর্থিক ব্যয় হ্রাস পাওয়ার ফলেই সমন্বিত ইপিএস উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে সহযোগী প্রতিষ্ঠানগুলোর সরবরাহকারীদের পরিশোধ তুলনামূলকভাবে কম থাকায় প্রতিবেদিত সময়ে পরিচালন নগদ প্রবাহও বৃদ্ধি পেয়েছে।