ঢাকা   মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

জ্বালানি সংকটে চাপ: প্রথম প্রান্তিকে রাজস্ব কমার সতর্কতা গ্রামীণফোনের

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:০৫, ২৪ মার্চ ২০২৬

সর্বশেষ

জ্বালানি সংকটে চাপ: প্রথম প্রান্তিকে রাজস্ব কমার সতর্কতা গ্রামীণফোনের

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ অপারেটর গ্রামীণফোন পিএলসি (জিপি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে সৃষ্ট অনিশ্চয়তা বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব ফেলছে। এর ফলে চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আর্থিক ফলাফল কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, জ্বালানি ও এলএনজি আমদানির ওপর বাংলাদেশের উচ্চ নির্ভরশীলতার কারণে এই বৈশ্বিক অস্থিরতার প্রভাব দেশীয় বাজারে বেশি পড়ছে। এতে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ ও লজিস্টিক ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে।

গ্রামীণফোন জানায়, এখন পর্যন্ত তাদের কার্যক্রম স্থিতিশীল থাকলেও সামষ্টিক অর্থনৈতিক দুর্বলতা পরিস্থিতিকে জটিল করে তুলছে। এর ফলে ভোক্তাদের ক্রয়ক্ষমতা ও ব্যবহার আচরণে পরিবর্তন আসছে, ব্যবসায়িক কার্যক্রম মন্থর হচ্ছে এবং মানুষের চলাচলেও প্রভাব পড়ছে। পাশাপাশি মৌসুমি তীব্র ঝড় পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির রাজস্ব প্রায় ২ শতাংশ কমতে পারে। একই সঙ্গে সুদ, কর, অবচয় ও পরিশোধের আগে মুনাফা (ইবিটডা) প্রায় ৩ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গ্রামীণফোনের এই সতর্কতা ইঙ্গিত দিচ্ছে যে, জ্বালানি বাজারের অস্থিরতা এখন টেলিযোগাযোগ খাতেও প্রভাব ফেলতে শুরু করেছে। আমদানি ব্যয় বৃদ্ধি, দুর্বল সামষ্টিক অর্থনীতি এবং ভোক্তা আচরণের পরিবর্তন—সব মিলিয়ে খাতটির ওপর চাপ বাড়ছে।

বিশ্লেষকদের মতে, দেশের শীর্ষ টেলিকম অপারেটরের এমন পূর্বাভাস বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এটি শুধু গ্রামীণফোন নয়, বরং পুরো টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কেও সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হতে পারে।

তবে কোম্পানিটি জানিয়েছে, পরিস্থিতি এখনও পরিবর্তনশীল। সম্ভাব্য ক্ষতি কমাতে তারা প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত রাখতে নেটওয়ার্কের মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

সর্বশেষ